নওগাঁর মান্দায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তৈয়বুর রহমান মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করেছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান ওই গ্রামের মৃত দিনু মোল্যার ছেলে।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অন্যদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে স্বাধীন (২১) ও সৈয়ব আলী (৬৫) নামে দুইজনকে আটক করেছে।
অন্য আসামিরা হলেন, একই এলাকার ইমরান হোসেন (৩২), সোজাত (২৫), হামিদুর ওরফে আকু (২৭), সুমন (২৪), মাজেদুর রহমান (২৫), সজিব হোসেন (২৫), কামরান (৩০), লুৎফুন্নাহার (৫৫) ও আমিনুর রহমান (৪০)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ৫ দিন আগে নিহত তৈয়বুর রহমানের ভাগ্নি মেহেরুনের সাথে প্রতিপক্ষের ছোট বাচ্চাদের আম পাড়াকে কেন্দ্র করে একটি বিরোধের সৃষ্টি হয়।
সেই পূর্বশত্রুতার জের ধরে সোমবার সকালে আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মেহেরুনের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। তারা মেহেরুন ও তার পরিবারের ওপর আকস্মিক হামলা ও মারধর শুরু করে। চিৎকার শুনে মেহেরুনের মামা তৈয়বুর রহমান তাদের বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। প্রতিপক্ষের নির্মম পিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই বৃদ্ধ।
এই হামলায় ভুক্তভোগী মেহেরুন, তার দুই ছেলে এবং সাত বছর বয়সী নাতি রিহান গুরুতর আহত হয়। পিটুনির আঘাতে শিশু রিহানের হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত দুই আসামিকে আটক করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









