ময়মনসিংহের গৌরীপুরে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের মামলার প্রধান ও একমাত্র পলাতক আসামি মো. রিফাত মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর থানার আঁশপাড়া এলাকার একটি পোশাক কারখানার সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রিফাত মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা। ময়মনসিংহের র্যাব-১৪ এবং গাজীপুরের র্যাব-১-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে স্কুলে যাওয়া-আসার পথে রিফাত মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। গত বছরের (২০২৫ সাল) ২০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে একটি আমবাগানে নিয়ে যান রিফাত। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গত বছরের ২৩ মার্চ গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই গ্রেপ্তার এড়াতে আসামি রিফাত মিয়া দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করে আসছিলেন।
র্যাব-১৪ জানায়, মামলা হওয়ার পর থেকেই তারা ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির ওপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, নিয়মিত গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের প্যারামাউন্ট টেক্সটাইল ফ্যাক্টরির সামনে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরে র্যাব-১৪ ও র্যাব-১-এর যৌথ দল সেখানে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও নারীর নিরাপত্তা রক্ষায় র্যাবের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









