সাত দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ায় লংমার্চ ও সমাপনী সমাবেশ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা জামায়াত কার্যালয় সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন জানান, ১১-দলীয় ঐক্যের উদ্যোগে ৩১ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন স্থানে পথসভা শেষে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এ কর্মসূচিতে বিপুল জনসমাগমের আশা প্রকাশ করেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধসহ সাত দফা দাবি আদায়ই এ আন্দোলনের লক্ষ্য।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবিগুলো মেনে না নিলে আন্দোলন সরকার পতনের এক দফায় রূপ নিতে পারে।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









