শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে নীলফামারীর ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে নজরদারি ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিমা বিসর্জনের দিন নেওয়া হবে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
এ সময় গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং সন্দেহজনক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









