পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। কোনো বিষয়ে সন্দেহ বা অসংগতি দেখা দিলে তা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পার্বত্য জেলা পরিষদ কিংবা স্থানীয় বিএনপি নেতাদের জানাতে বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। প্রশাসনিক কিছু সমস্যা দ্রুত সমাধান করা গেলেও রাজনৈতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবার সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ন রেখে সম্প্রীতি বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে সরকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাঙামাটির ৪৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে মোট ২৫ লাখ টাকার চেক তুলে দেন। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









