নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
সভায় বক্তব্য দেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহীসহ স্থানীয় সাংবাদিকেরা।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় গাফিলতি করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সভা শেষে প্রেসক্লাব কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকেরা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









