সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে ঢাকার সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেবিচকের তথ্যমতে, ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি ও ৬৪টি ট্রানজিট ফ্লাইট।
বেবিচকের তথ্যমতে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৫টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ার ফলে মোট ১৭ হাজার ৭০১ জন বিমানযাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি এয়ারলাইনসগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









