রংপুরের গংগাচড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত কমিটি নিয়ে দলটির একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ত্যাগী ও আন্দোলনে সক্রিয় নেতাদের বাদ দিয়ে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের পুনর্বাসনের মাধ্যমে নেতৃত্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তারা।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার গংগাচড়া সরকারি কলেজ মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতারা।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়কারী ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রিফাতুজ্জামান লাবু।
লিখিত বক্তব্যে রিফাতুজ্জামান বলেন, ‘‘গত ১০ জুন ঘোষিত উপজেলা কমিটি তৃণমূলের মতামত উপেক্ষা করে গঠন করা হয়েছে। দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করা নেতাকর্মীদের মূল্যায়ন না করে একটি ‘পকেট কমিটি’ চাপিয়ে দেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি ও এনসিপি গঠনের সময় যারা মাঠে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। একটি মহল নিজেদের স্বার্থে সংগঠনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিপ্লবের চেতনা কোনোভাবেই বিক্রি হতে দেওয়া হবে না।’’
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়।
রিফাতুজ্জামানের দাবি, ‘‘আল মামুন এর আগে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং জুলাই আন্দোলনের পর এনসিপিতে যোগ দেন।’’ বর্তমানে জাতীয় পার্টির নেতাকর্মীদের দলে এনে নেতৃত্বে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নেতারা অভিযোগ করেন, কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করা হয়নি। সার্চ কমিটি গঠন, ফরম বিতরণ ও কমিটি ঘোষণার পুরো প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বক্তারা বলেন, আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে আন্দোলনের বিরোধিতাকারীদের দলে জায়গা দেওয়া হচ্ছে। যারা ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততা উপেক্ষা করে সংগঠনের জন্য কাজ করেছেন, তাদের মূল্যায়ন না করে সুবিধাবাদীদের স্থান দেওয়া হলে তৃণমূলের কর্মীরা তা মেনে নেবেন না।
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কমিটি বাতিল করে আন্দোলনে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









