পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।
এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেসমিন আক্তার বানু। মাদারীপুর সদর পৌরসভার মেয়র প্রার্থী জামিলুর রহমান মিঠু, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ (ভিপি) এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে জেলা পরিষদের এ কার্যক্রমের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি করা যায়।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









