রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন সহায়তা ও প্রণোদনা বিতরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রীও প্রদান করা হয়।
এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
একই দিনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় উপকারভোগী নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল প্রধানমন্ত্রীর পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা নুর তানজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলার সার্বিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









