যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া সদরে নানা আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘‘কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা’’।
রবিবার (১৪ জুন) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। এরপর তিনি এক বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা প্রাঙ্গণে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি প্রদর্শনীতে আসা নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের মাঝে এসব প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের তাগিদ দেন। স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রূপালী খাতুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির দিকে ঝুঁকতে হবে। এই মেলা স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ এবং সাশ্রয়ী কৃষি যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
সভায় বক্তারা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার আহ্বান জানান।
মেলায় প্রদর্শিত ১৫টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব বালাইনাশক ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ফল, সবজি প্রদর্শনী দেখতে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









