দুবাই পুলিশের হাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আটক হওয়ার খবরে নতুন করে আলোচনায় এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার মালিকানাধীন প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালতের নির্দেশে জব্দ হওয়া এই সম্পত্তি বর্তমানে সরকারি নিয়ন্ত্রণে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল সংলগ্ন দক্ষিণবাগ এলাকায় আনন্দ হাউজিং সোসাইটির ভেতরে ২৪ কাঠা জমির ওপর নির্মিত ‘সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত ডুপ্লেক্স বাংলোটি ২০২২ সালের দিকে নির্মাণ করা হয়। অত্যাধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ বাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
স্থানীয়দের দাবি, দেশে অবস্থানকালে বেনজীর আহমেদ নিয়মিত এ বাংলোতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় সেখানে অবস্থান করতেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপিত হলে সম্পত্তিটির বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের আবেদনের পর আদালত ২০২৪ সালের ৬ জুন বাংলোটি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসককে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়। আদালতের নির্দেশনার পর থেকে বাংলোটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বাংলোটির প্রধান ফটক সিলগালা করা রয়েছে। প্রশাসনের নিয়োজিত নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক পাহারার দায়িত্ব পালন করছেন। অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। এসব সম্পদের মধ্যে রূপগঞ্জের এই আলোচিত ডুপ্লেক্স বাংলো অন্যতম। দুবাইয়ে তার আটকের খবরে আবারও আলোচনায় এসেছে সম্পত্তিটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









