কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫৩) নামের এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া ফুটানি পাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার দুখিপুর তারাগুনিয়া এলাকার হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২৩) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার মোখলেসুর রহমানের ছেলে শুভ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, হুমায়ুন কবির বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাঠপাড়া এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির তিন আরোহীই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









