মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তার অসুস্থতার খবরে জেলা প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) রাতে কয়েকটি সরকারি কর্মসূচি সম্পন্ন করার পর জেলা প্রশাসক হঠাৎ অসুস্থতা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতাল সূত্র জানায়, তিনি হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ৩০৮ নম্বর রেস্ট এরিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছিল। তবে উন্নত চিকিৎসার স্বার্থে বিশেষজ্ঞ চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, গত দুই দিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
চিকিৎসকদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুরে তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেলা প্রশাসকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
মাগুরাবাসীর প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে জেলা প্রশাসক আবারও স্বাভাবিক কর্মজীবনে ফিরে এসে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









