পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রের পাশাপাশি বোন ও নিজের বিয়ের জন্য ১০-১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোশাররফ জানান, কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন তিনি। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে বোন ও নিজের বিয়ের জন্য প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলেন। ব্যাংকে না রেখে ঘরেই রেখেছিলেন সেই টাকা। আগুনে তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গেছে।
তিনি বলেন, ‘আমার বয়স যখন এক বছর, তখন বাবা মারা যান। মা ও বোনকে নিয়ে আমাদের সংসার। অনেক কষ্টে টাকাগুলো জমিয়েছিলাম। এখন আমি নিঃস্ব। কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।’
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









