ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই জোয়ারে ভাসছে বাংলাদেশের শহর-গ্রাম। ঝিনাইদহেও ফুটবল উন্মাদনায় মেতেছেন ভক্তরা। আর্জেন্টিনার সমর্থকরা আয়োজন করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রিয় দলের আকাশি নীল আর সাদা রঙের ঢেউ যেন নেমে আসে ঝিনাইদহ শহর জুড়ে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ-এর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়সী আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন। শহিদ মিনার চত্বরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম রায়হান, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের স্ট্রাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন, ডিফেন্ডার ভলেন্টিয়ার আহসান জিকু, কিপার ভলেন্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলেন্টিয়ার সামিউল পারভেজ সামি, ডিফেন্ডার ভলেন্টিয়ার সুলতান আল এনাম সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। এ সময় আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের ডিফেন্ডার ভলেন্টিয়ার জহিরুল ইসলাম, ইনজামামুল হক, শিমুল হোসেন, সাকিব হোসেন, ইমরান, সোহাগ, নাহিদ, নয়ন, শাকিল, শাওন, তরিকুল ইসলাম, শফিক হোসেন, জাহিদুজ্জামান, শোয়েব আহমেদ, হোসাইন পার্সি, জিসান, রিজভী, হোসাইন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের বিভিন্ন মহল্লা থেকে খণ্ড-খণ্ড মিছিল শোভাযাত্রায় অংশ নেয়। হাতে-হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ও রঙ বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপের থিম সংগীতের সাথে নেচে গেয়ে মেতে ওঠেন বিশ্বকাপের উন্মাদনায়।
ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্টাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, ‘‘প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় সমর্থকরা অংশ নিয়েছে। এটি সকল সমর্থকদের কৃতিত্ব। আশা করছি, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। সেই সাথে আশা করি, বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। তবে, যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবল জিতে যাক।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









