ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্যিক গৌরব এখন বাংলাদেশের সঙ্গী। সেই ঐতিহাসিক সিরিজ জয়ের অভূতপূর্ব সাফল্য আর ফুরফুরে মেজাজ নিয়ে এবার কুড়ি ওভারের ক্রিকেটে মিশন শুরু করতে যাচ্ছে টাইগারেরা। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস ভাগ্য গড়ে দিয়েছে স্বাগতিকদের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই উইকেটরক্ষক ব্যাটার।
এদিকে আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের। এদিন একাদশে রাখা হয়েছে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত হওয়া সৌম্য সরকারকে।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









