নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির। তিনি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে আমিরগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আলহাজ্ব আব্দুল কাদির আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। একজন সফল আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন সময়ে তিনি হয়রানির শিকার হলেও নানা প্রতিকূলতা মোকাবিলা করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে গেছেন।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই আব্দুল কাদির বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির বলেন, “আমি আমিরগঞ্জ ইউনিয়নকে একটি উন্নত, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নে অবদান রাখব।”
তিনি আরও জানান, ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে তার। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব ধরনের সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী আমিরগঞ্জ ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









