কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী বাজার কেন্দ্রিক সড়কের দ্রুত সংস্কার এবং কুমার নদ অভিমুখে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় পাটিকাবাড়ী বাজার থেকে ক্লাব মোড় অভিমুখ সড়কে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নফেরি’।
মানববন্ধনে বক্তারা বলেন, পাটিকাবাড়ী বাজার এলাকার মূল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বক্তারা অবিলম্বে কুমার নদ অভিমুখে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালীন ‘স্বপ্নফেরি’ সংগঠনের পক্ষ থেকে ৩ দফা ন্যায্য দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- পাটিকাবাড়ী বাজার কেন্দ্রিক সড়কের দ্রুত সংস্কার, কুমার নদ অভিমুখে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং এলাকায় জলাবদ্ধতা নিরসন করে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ।
উক্ত মানববন্ধনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন।
‘স্বপ্নফেরি’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত পরিচালনায় এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ, ব্যবসায়ী, সুধীসমাজ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক সংস্কারের কাজে হাত দেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









