কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের চেষ্টাকালে পুলিশি অভিযানে আলতাব হোসেন (৫২) নামের একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলতাব দৌলতপুর সদর ইউনিয়নের মৃত মজিবুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ লেখা একটি ব্যানারও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, দৌলতপুর ডিগ্রী কলেজ গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৬৬ থেকে ৭৬ জন নেতাকর্মী একত্রিত হয়ে বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে আলতাব হোসেনকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এলাকা অস্থিতিশীল করার চেষ্টায় জড়ো হওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









