ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বেঁচে থাকার জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, ইজারা বাতিল করে বাঁওড়-বিল-খাস জলাশয়ে জেলে-মজুর-ভূমিহীনদের সামাজিক মালিকানা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, রেশন, পেনশন, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গ্রামীণ মজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকালে উপজেলার চরপাড়া বাজারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রঘুনাথপুর ইউনিয়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কল্লোল বনিক। এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ক্ষেতমজুর সমিতির নেতা আবু তোয়াব অপু, কৃষক সমিতির নেতা তোফাজ্জেল হোসেন লস্কর, ক্ষেতমজুর সমিতির ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর, সাধারণ শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থান, রেশন, পেনশনসহ অন্যান্য খাতে কোনো বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ক্ষেতমজুর সমিতি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের কাছে দেশের সিংহভাগ মানুষের পক্ষের বাজেটের দাবি করে আসছিল বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। কিন্তু এবারও অন্যান্য সরকারের মতোই গ্রামের দরিদ্র, শ্রমজীবী, ক্ষেতমজুরদের জন্য বাজেটে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সরকারের দেওয়া এই বৃহৎ আকারের বাজেটের কোনো সুফল পাবে না। এছাড়া সমাবেশ থেকে পানিতে তলিয়ে ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক, প্রান্তিক ও বর্গাচাষীদের যথাযথ ক্ষতিপুরণ দেওয়ার দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, জলের গ্রাম ঝিনাইদহ এবং বাঁওড়ের রাজধানী ঝিনাইদহসহ সারাদেশের হাওর-বাঁওড়ের ইজারা বাতিল করে সামাজিক মালিকানার আওতায় প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে দেয়ার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার জোরদার দাবি জানাচ্ছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









