ফুটবল থেকে অবসর নেওয়ার পর প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে থাকতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ইচ্ছা হলে ফুটবল খেলবেন, আর কিছু করতে ভালো না লাগলে অলস সময় কাটাবেন—অবসর-পরবর্তী জীবন নিয়ে এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন তিনি।
ব্রাজিলের ‘ভারান্দা গুরমে’ অনুষ্ঠানে মৌরিসিও মেইরেলেস ও ড্যানিয়েল জুকারম্যানের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সান্তোসের এই ফরোয়ার্ড। পেশাদার ফুটবলের ব্যস্ততা ও নিয়মকানুন থেকে বেরিয়ে নিজের ইচ্ছামতো জীবন কাটানোই হবে তার মূল লক্ষ্য।
হাস্যরসের ছলে নেইমার বলেন, “অবশ্যই, আমি যখন খেলা ছেড়ে দেব, তখন প্রথম একটা বছর কিচ্ছু করব না। খালি বসে বসে অলস সময় পার করব। তখন আমার রুটিনটা হবে এমন, আজকে আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, তাই খেলতে যাব। আজ আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না, তো কিচ্ছু করব না।”
সাক্ষাৎকারে ফুটবলের বাইরের পারিবারিক জীবন নিয়েও কথা বলেন নেইমার। অনুশীলন ও ফিজিওথেরাপির ব্যস্ততার মধ্যেও সন্তানদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন বলে জানান তিনি। সন্তানদের পছন্দকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে সময় কাটানো তার দৈনন্দিন জীবনের একটি অংশ।
নেইমার জানান, তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি দেখতে পছন্দ করে। তাই ব্যস্ততার মধ্যেও মেয়ের সঙ্গে বসে এসব অ্যানিমেটেড সিনেমা দেখেন তিনি।
তিনি বলেন, “আমার জীবনটা খুবই ব্যস্ত, ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তবুও সন্তানদের জন্য নির্দিষ্ট কিছু মুহূর্ত আমি তুলে রাখি এবং ওরা যা পছন্দ করে, সেটাই করার চেষ্টা করি। আমার মেয়ে ‘শ্রেক’ আর ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে, আমি ওর সঙ্গে বসে এগুলো দেখি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









