আন্তর্জাতিক ইংরেজি ভাষার বিতর্ক প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন’ (IELC)-এ অংশ নিতে বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর দলে স্থান পেয়েছেন রাজশাহীর শিক্ষার্থী সায়ইদ ইবনে ত্বাকি।
২১ থেকে ২৮ জুন পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ১১ সদস্যের এই দলের প্রত্যেকের যাতায়াত ও অংশগ্রহণের ব্যয়ভার বহন করছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রায় তিন লাখ টাকা ব্যয় করা হচ্ছে। এবারের প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সায়ইদ ইবনে ত্বাকি। তার এই অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা। ত্বাকি রাজশাহীর ‘ইকরা ইন্টারন্যাশনাল একাডেমিয়া ইংলিশ লার্নিং সেন্টার’-এর শিক্ষার্থী। প্রায় দুই বছর ধরে ইংরেজি ভাষায় বিতর্ক, উপস্থাপনা ও স্পোকেন ইংলিশে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকে এই আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করেছেন।
লন্ডন যাত্রার আগে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ত্বাকি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি সর্বোচ্চ চেষ্টা করব দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের যোগ্যতা প্রমাণ করে দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে চান।
রাজশাহীর এই তরুণ মেধাবীর আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা নিয়ে আশাবাদী স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, ত্বাকি শুধু নিজের নয়, রাজশাহী ও বাংলাদেশের জন্যও গৌরব বয়ে আনবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









