বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে খাদ্য সহায়তা বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফ্যামিলি কিট বক্স প্রদান এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। একইসঙ্গে সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স এবং নারিকেল চারা বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সান্টু উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এদিকে, একই দিন দুপুরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি সান্টু হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাইদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি এমপি সান্টু স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন জেনারেটরের উদ্বোধন করেন। পাশাপাশি শিশুদের মাঝে ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









