কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এসব অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সর্বমোট ৩৪ লাখ ৩১ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ জুন দুপুর আনুমানিক ২টার দিকে কাজিপুর বিওপির অধীনস্থ শেওড়াতলা রিফিউজি পাড়া মাঠে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ভারতীয় গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি সিম কার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ হাজার ৮০০ টাকা। এই ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, একই দিন (২৩ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির একটি টহল দল চুলকানি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪০ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের টাচ ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
বুধবার ( ২৪ জুন) সকালে প্রাগপুর বিওপির আরেকটি দল গরুড়া ঘাটপাড়া ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করে। জব্দকৃত এই মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এই গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









