জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (১ম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ক্যাম্পেইনের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মুজিবর উল্লাহ্ ফরহাদ, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ৯৪১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৪টি স্থায়ী কেন্দ্র, ৯৩৬টি আউটরিচ কেন্দ্র এবং ১টি অতিরিক্ত কেন্দ্র থাকবে। ক্যাম্পেইন পরিচালনায় ১ হাজার ৯৯৯ জন স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন স্বাস্থ্য তদারককারী দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৩৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৩০৬ জন, মোট ১ লাখ ২৯ হাজার ৬৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রায় মাগুরা সদর উপজেলায় ৩৮ হাজার ৫৩৮ জন, মহম্মদপুরে ৩৪ হাজার ৪৫৫ জন, শালিখায় ২২ হাজার ১১০ জন, শ্রীপুরে ২১ হাজার ৭২৫ জন এবং পৌরসভা এলাকায় ১২ হাজার ৮৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সকলের সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, “শিশুদের সুস্থ ও মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচিকে শতভাগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভা শেষে ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









