লক্ষ্মীপুরে মাদকাসক্ত যুবকের কথা না শোনায় রিশাদ হোসেন (১০) নামের এক শিশুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিশাদ হোসেন স্থানীয় নানো মাঝি বাড়ির শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত ঘাতক রুবেল হোসেন (৩২) একই এলাকার সাঁকো ব্যাপারী বাড়ির মিলন হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত রুবেল শিশু রিশাদকে স্থানীয় একটি বাগান থেকে সুপারি পেড়ে দিতে বলেন। কিন্তু রিশাদ তা করতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মাদকাসক্ত রুবেল। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে রিশাদের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘাতক রুবেল এলাকায় একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত এবং তার নির্দিষ্ট কোনো পেশা নেই। মাদক সেবন ও ইভটিজিংয়ের অভিযোগে এর আগেও একাধিকবার পুলিশ তাকে আটক করেছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী ও অভিভাবকদের হস্তক্ষেপে সে বারবার ছাড়া পেয়ে যায়। অবশেষে তার একটি ছোট্ট আবদার না রাখার অপরাধে সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাল।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শামীম মো. আফজাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক জখমের চিহ্ন ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, "নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









