ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হয়েছে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬'।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-"বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান"।
কর্মসূচির শুরুতে সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "মাদক কেবল একটি ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। বর্তমান সরকারের নীতি হচ্ছে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা। নতুন প্রজন্মের মেধা ও শক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে সর্বাগ্রে তাদের মাদক থেকে দূরে রাখতে হবে।"
তিনি আরও বলেন, "আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা এবং সামাজিক আন্দোলনই পারে মাদক পাচার ও এর অপব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে। আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন দেশ পেয়েছি, সেই দেশের ভবিষ্যৎ যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুষ্টিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









