প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোন রোগীর প্রতি অবহেলা করা যাবে না।
শুক্রবার (২৬ জুন) সকালে জৈন্তাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মাঝে বাইসাইকেল প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি র উদ্বোধনকালে এসব কথা বলেন। এর আগে তিনি জৈন্তাপুর উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে একটি ইসিজি মেশিন প্রদান করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, একটি আধুনিক ইসিজি মেশিনের মাধ্যমে হৃদরোগের প্রাথমিক পরীক্ষা এখন আরও সহজ ও দ্রুত হবে। এতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে দূরে যেতে হবে না এবং সময়মতো চিকিৎসা গ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে।
কৃষি উপকরন বিতরণকালে মন্ত্রী বলেন, আমাদের কৃষকরা দেশের অর্থনীতির প্রাণ। এই দেশের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদান অপরিসীম। তাদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে হবে। জৈন্তাপুর উপজেলায় তরমুজ, নাগা মরিচ এবং টমেটো উৎপাদনে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লখ করে তিনি বলেন অচিরেই এই অঞ্চলে সবজি মজুদ রাখার জন্য একটি হিমাগার স্থাপন করা হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে তিনি সকলকে গাছ লাগানোর প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদানের উদ্দেশ্য হলো তাদের শিক্ষার পথকে আরও সহজ করতে হবে। অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে যাতায়াত করে। এই সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে এবং ঝরে পড়া কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিল্ডিং সহ অবকাঠামুগত উন্নয়ন প্রয়োজন। এজন্য জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের উপসচিব সামছুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উসমান গণি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









