পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত চাকরি মেলা। যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দুই শতাধিক তরুণ-তরুণীর চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমির শহীদুল আলম নীরু মিলনায়তনে ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ উদ্যোগে এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ চাকরি মেলার আয়োজন করা হয়।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত চাকরিপ্রত্যাশী জীবনবৃত্তান্ত হাতে নিয়ে মেলায় অংশ নেন। প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগের জন্য প্রায় দুই শতাধিক জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া হয়। এ চাকরির মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস এক্সিকিউটিভ, ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও ড্রাইভারসহ বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।চাকরি মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাকরিপ্রত্যাশী ইমরান মাহমুদ বলেন, নিজ জেলায় এমন চাকরি মেলার আয়োজন হওয়ায় তাদের সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়েছে। পাশাপাশি ঢাকাসহ অন্য জেলায় না গিয়েই সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরির সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
চাকরি প্রত্যাশী সাবরিনা আক্তার মুনা বলেন, “আমি এখানে চাকরির জন্য আসছি। এখানের আয়োজনটা খুব ভালো লাগছে। আমি মনে করি আরএফএল কোম্পানি একটি স্বনামধন্য কোম্পানি। আজ এখান থেকে অনেকের কর্মসংস্থান হবে, অনেকের ভাগ্য খুলে যাবে।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “চাকরি শুধু অর্থনৈতিক স্বচ্ছলতা নয়, আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা এবং সুনাগরিক হিসেবে বেঁচে থাকার যে প্রত্যয়, সেখানে আপনাকে একটি চাকরি স্বয়ংসম্পূর্ণ করবে।”
অনুষ্ঠানের আয়োজক ও ‘দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, “আগে দেখতাম চাকরি মানেই ঘুষ, কিন্তু এখানে এক টাকাও ঘুষ লাগবে না। আপনাদের মেধা, আপনাদের দক্ষতা, আপনাদের স্মার্টনেসের উপর ভিত্তি করে আজকে এখানে চাকরি হবে। আমাদের মূল লক্ষ্য এই আয়োজনের মাধ্যমে বেকারত্ব দূর করা।”
প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার বলেন, “৫০০-এর বেশি চাকরি প্রত্যাশী রয়েছে। এখানে আমরা মোটামুটি প্রত্যাশিত ফলাফল পেয়েছি। আজ আমরা ২০০ জনকে চাকরি দিব। যারা আজকে সুযোগ পাবেন না, তাদের ভবিষ্যতের নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









