লালমনিরহাটের পাটগ্রামে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫টি কৃষি প্রণোদনা কর্মসূচীর বিভিন্ন উপকরণ বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন পেয়াজ, উফসী ও হাইব্রিড জাতের শাকসবজি, লেবু এবং গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ৫ হাজার ৩শত ৪০ জন কৃষককে ধানের বীজ ৫ কেজি, পেয়াজ ১ কেজি, গাছের চারা ৫টি, শাকসবজির বীজ, লেবুর চারা ৫টি এবং এগুলোর সাথে প্রয়োজনীয় সার ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান বলেন, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার কৃষকের প্রত্যককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি উন্নত জাতের রোপা আমণ ধানের বীজ গাছের চারা ও জৈব সার, শাকসবজি, লেবুর চারা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম বলেন, সরকারি কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে। উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









