সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পাওয়ার একদিনের মাথায় সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছেন সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির।
একই সঙ্গে কিশোর নির্যাতনের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘অভিযোগ প্রমাণিত হলে নিজের জন্যও সর্বোচ্চ শাস্তি মেনে নেবেন।’’
শনিবার (২৭ জুন) দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সামির বলেন, ‘‘দীর্ঘ আট বছর পর সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণার মাত্র ২১ দিনের মাথায় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’
তার দাবি, এক মাস আগে ঘটে যাওয়া কিশোর নির্যাতনের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘‘ভুক্তভোগী কিশোর কিংবা তার পরিবারের সদস্যরাও তার নাম উল্লেখ করেননি। এরপরও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে সত্য প্রকাশের আহ্বান জানান তিনি।’’
মাহাবুব সামির বলেন, ‘‘কিশোর নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তারও শাস্তি হওয়া দরকার। এমনকি নিজের সম্পৃক্ততা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি গ্রহণেও তিনি প্রস্তুত বলে জানান।’’
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি চক্র তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে। সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করার কারণে তিনি দীর্ঘদিন ধরে হুমকি পেয়ে আসছেন বলেও দাবি করেন। এ বিষয়ে তিনি আগে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
সামিরের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী কারাগারে বসেও তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কিছু সাংবাদিকের বিরুদ্ধেও তিনি অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘‘আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে থাকতে দেব না। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই যদি আমার অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি বারবার করব।’’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান সামির। তিনি বলেন, ‘‘তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন, আর নির্দোষ হলে তার সম্মান ও সাংগঠনিক পদ পুনর্বহালের দাবি জানান।’’
প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









