সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বড় সাইজের একটি অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি দোকান থেকে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সদস্যরা সাপটি উদ্ধার করেন।
জানা যায়, সকালে বাজারের ব্যবসায়ী হারুণ প্রতিদিনের ন্যায় দোকান খুলতে গেলে দোকানের ভেতর এক বড় সাইজের অজগর দেখতে পান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমান। এরপর বনবিভাগকে খবর দেওয়া হলে সতর্কতার সাথে সাপটি উদ্ধার করেন তারা।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা এরফান উদ্দীন জানান, উদ্ধারকৃত সাপটির ওজন ২৮ কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি। উদ্ধারকৃত অজগর সাপটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, ‘‘এত বড় অজগর সাপ এই এলাকায় আগে কখনও দেখা যায়নি।’’ তিনি ও অন্যান্যরা জানান, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে পার্শ্ববর্তী সুন্দরবন বা বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে সাপটি।
বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী দেখলে আতংকিত না হয়ে বা তাদের ক্ষতি না করে বনবিভাগকে খবর দিলে, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









