মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহত সকলের বাড়ি রাজনগর উপজেলার বড়দল গ্রামে বলে জানা গেছে।
নিহতরা হলেন— বড়দল গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী কনিজা বেগম এবং তাঁর ছেলে জুবের আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইদ্রিস আলীসহ তাঁর পরিবারের ৫ সদস্য বাড়ি ফিরছিলেন। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনিজা বেগম ও তাঁর ছেলে জুবের আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত অন্য ৪ জন হলেন— ইদ্রিস আলী, তাঁর মেয়ে জোসনা বেগম, জামাতা হাকিম উদ্দিন ও অটোরিকশা চালক তোফাজ্জল মিয়া। বর্তমানে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ইদ্রিস আলীর ভাতিজা নাইমুল ইসলাম রাফি জানান, "দুর্ঘটনায় আমার চাচী ও চাচাতো ভাই মারা গেছেন। আমরা আহত বাকি ৪ জনকে নিয়ে এখন সিলেট হাসপাতালে আছি।"
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









