মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন মঙ্গলবার সকাল দশটায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১শ' ৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সার বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন খাতে নিজস্ব তহবিল থেকে আয় ১১ কোটি ৫৭ লাখ টাকা এবং সরকারি অনুদান ১৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া মূলধন হিসাব থেকে ২০ কোটি ৫৬ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পূর্ববর্তী বছরের প্রারম্ভিক স্থিতি ছিল ৫৮ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সা।
অন্যদিকে, বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে প্রশাসনিক ও সাধারণ সংস্থাপন ব্যয় ৬ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা, নিজস্ব তহবিল থেকে উন্নয়ন ব্যয় ৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা এবং সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন ব্যয় ১৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে আরও ৫৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাজেট অনুযায়ী অর্থবছর শেষে ২০ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ২৬ পয়সা সমাপনী স্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী এবং সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন। বক্তারা জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আলী আহম্মেদ বলেন, “জনগণের প্রত্যাশা ও জেলার সার্বিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে একটি বাস্তবমুখী ও জনকল্যাণধর্মী বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে।”
সভা শেষে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









