সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা লড়ি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র নিয়ে যাওয়ার অপরাধে চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপাওয়া ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বিন্নাহাটি গ্রামের তোফাজ্জল হোসেন (২২), একই উপজেলার পোড়াবাড়ি গ্রামের সাদ্দাম মিয়া (২৫), সুলতানপুর গ্রামের মোহাম্মদ হাইয়্যুল মিয়া (৩৪) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর গ্রামের আলম মিয়া (৩২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় আদালত পরিচালনা করেন।
এলাকাবাসী জানান, গত তিন—চারদিন ধরে একটি মাটি ব্যবসায়ী চক্র অবৈধভাবে সুনই সেতু সংলগ্ন এলাকায় অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা লড়ি গাড়ি দিয়ে পরিবহন করে অন্যত্র বিক্রি করে আসছিল।
ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া চারজন ব্যক্তিকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ‘‘উপজেলা প্রশাসনের পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









