গাজীপুরের চান্দনা-চৌরাস্তার ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর নিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরু মিয়া জানান, মোটরসাইকেলটিতে কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্বৃত্তরা নিজেদের মোটরসাইকেলে আগুন দিয়ে জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা করেছে। তবে মোটরসাইকেলটির মালিকানা বা দাবিদার হিসেবে এখনো কাউকে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









