কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে শরণার্থীদের জীবনসংগ্রাম, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি হেলেন রাইস-জোনস।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা ও জীবনযাত্রার বিষয়ে খোঁজখবর নেন।
সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের পড়াশোনার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান।
পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মানবিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন। এসব উদ্যোগের মাধ্যমে শরণার্থী নারীদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
ডাচেসের সফর ঘিরে সকাল থেকেই ক্যাম্পের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পের অভ্যন্তরে দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাইরে মোতায়েন ছিল পুলিশ।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, বিদেশি অতিথির সফর উপলক্ষে ক্যাম্পের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, সফর ঘিরে ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে দেখেছেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগ সম্পর্কে তিনি অবহিত হয়েছেন।
দিনভর পরিদর্শন শেষে বিকেলে ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি। তার সফর নির্বিঘ্নে শেষ হয়েছে; এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন ডাচেস সোফি।
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









