দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সূরিয়ার ক্যারিয়ারে ২০২৬ সাল যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। একের পর এক সিনেমার বাণিজ্যিক ব্যর্থতার পর চলতি বছরে টানা তিনটি সিনেমার সাফল্যে বক্স অফিসে নিজের অবস্থান আবারও শক্ত করেছেন এই অভিনেতা। তার অভিনীত তিন সিনেমা ‘কারুপ্পু’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ এবং ‘সিন’ বিশ্বব্যাপী সম্মিলিতভাবে প্রায় ৬৫০ কোটি রুপি আয়ের পথে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে মুক্তি পাওয়া সূরিয়ার তিনটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মধ্যে সর্বশেষ সিনেমা ‘সিন’ মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ১১৭ কোটি রুপি আয় করেছে।
ব্যর্থতা দিয়ে শুরু, ঘুরে দাঁড়ানোর গল্প
‘সুরারাই পোত্রু’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি ‘জয় ভীম’ দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন সূরিয়া। তবে করোনাকালে মুক্তি পাওয়া সিনেমা দুটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসায় বড় পর্দায় তার বাণিজ্যিক সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়নি।
এরপর বড় পর্দায় ফিরে ‘কাঙ্গুভা’ সিনেমায় অভিনয় করেন তিনি। শিবা পরিচালিত ঐতিহাসিক ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি ঘিরে ব্যাপক প্রত্যাশা থাকলেও দুর্বল চিত্রনাট্য ও গল্প বলার ধরন নিয়ে সমালোচনা হয়। বড় বাজেটের সিনেমাটি প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি।
এরপর ২০২৫ সালের মে মাসে মুক্তি পায় কার্তিক সুব্বারাজ পরিচালিত ‘রেট্রো’। ভিন্নধর্মী গল্প ও সূরিয়ার দ্বৈত চরিত্রের অভিনয় থাকলেও সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। পরপর দুটি বড় বাজেটের সিনেমার প্রত্যাশিত সাফল্য না আসায় তার বক্স অফিস সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
২০২৬ সালে সাফল্যের হ্যাটট্রিক
ব্যর্থতার পরও নিজের সিনেমা নির্বাচনের ধরন পরিবর্তন করেননি সূরিয়া। বরং ভিন্ন ঘরানার গল্প ও নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্তে অটল থাকেন।
চলতি বছরের প্রথম বড় সাফল্য আসে আরজে বালাজি পরিচালিত ‘কারুপ্পু’ দিয়ে। তামিল লোককথা ও পুরাণনির্ভর ফ্যান্টাসি অ্যাকশনধর্মী সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩১০ কোটি রুপি আয় করে। এটি সূরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে।
এরপর ভেঙ্কি আটলুরি পরিচালিত পারিবারিক গল্পের সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ মুক্তি পায়। ভিন্নধর্মী চরিত্রে সূরিয়ার অভিনয় দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২০৯ কোটি রুপি আয় করে।
সর্বশেষ মালয়ালম পরিচালক জিতু মাধবনের পরিচালনায় মুক্তি পেয়েছে ক্রাইম কমেডি ঘরানার ‘সিন’। এতে সূরিয়ার সঙ্গে অভিনয় করেছেন নাজরিয়া নাজিম ও নাসলেন। একজন অন্ধ ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) চরিত্রে অভিনয় করেছেন সূরিয়া। সিনেমাটিতে একজন সিরিয়াল কিলারকে অনুসরণের গল্প তুলে ধরা হয়েছে।
মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১১৭ কোটি রুপি আয় করেছে। ফলে ২০২৬ সালে এটি সূরিয়ার তৃতীয় শতকোটি রুপি আয় করা সিনেমা।
পরিচালক নির্বাচনে ঝুঁকিই ছিল সাফল্যের চাবিকাঠি
ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, সূরিয়ার ব্যর্থ সিনেমা ও সফল সিনেমাগুলোর মধ্যে পরিচালকের নির্বাচন কিংবা গল্পের ঘরানায় বড় ধরনের পার্থক্য নেই। বরং সব ক্ষেত্রেই তিনি নতুন ধরনের গল্প, ভিন্নধর্মী চরিত্র এবং পরিচালকদের সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন।
‘কাঙ্গুভা’ ও ‘রেট্রো’ প্রত্যাশা পূরণ করতে না পারলেও ‘কারুপ্পু’, ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ও ‘সিন’ সেই একই ঝুঁকি নেওয়ার প্রবণতার সফল উদাহরণ হয়ে উঠেছে। পার্থক্য তৈরি করেছে চিত্রনাট্য, গল্পের উপস্থাপন ও নির্মাণশৈলী।
তিনটি সিনেমার সাফল্যে সূরিয়ার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দিনে তিনি কোন ধরনের গল্প ও চরিত্র বেছে নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









