রাতের আঁধারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করলেই দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন দাবি করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পবান্ধব ও বিনিয়োগের উপযোগী পরিবেশ বজায় রাখতে সরকার যেকোনো মূল্যে কাজ করবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা এবং নীলনকশা নস্যাৎ করেছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছে, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, পুলিশের ওয়েবসাইটে থাকা তথ্য যথাযথভাবে বিশ্লেষণ করলে আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কম দেখা যাবে। কিন্তু আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য তুলে ধরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সীমান্তের ওপারে কিংবা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









