প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং দেশীয় ফল চাষ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সঙ্গে দেশীয় ফলের পুষ্টিগুণ, অর্থনৈতিক সম্ভাবনা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয়েছে দেশীয় ফল উৎসব।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শতাধিক প্রান্তিক কৃষকের হাতে সার, বীজ ও বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয় এবং ফলভিত্তিক পুষ্টি সম্পর্কে কৃষকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। এ সময় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশীয় ফলের চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশীয় ফলের পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে কৃষকদের সচেতন করতে ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পাশাপাশি ফলজ গাছ রোপণ এবং সংরক্ষণে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এতে একদিকে যেমন মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে কৃষকদের আয় বৃদ্ধির নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা জানান, কৃষি প্রণোদনা ও দেশীয় ফল উৎসবের মতো এ ধরনের কার্যক্রম কৃষকদের আধুনিক ও বহুমুখী কৃষি চর্চায় উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









