রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে সরিষা ইউনিয়নের বাগলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মণ্ডল। তিনি বলেন, “সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর—এই চারটি ইউনিয়ন ঘনবসতিপূর্ণ। এলাকায় বিভিন্ন ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটে। কসবামাজাইলে আগে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও ৫ আগস্টের পর থেকে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দ্রুত এ অঞ্চলে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অংশ নেওয়া আরেক এলাকাবাসী বলেন, ‘‘দক্ষিণাঞ্চলের মানুষের জানমাল রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এখন সময়ের দাবি।’’
এ সময় তারা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









