কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।
বুধবার (১ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির আওতাধীন নাফ নদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে নাফ নদ অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় নৌ টহল জোরদার করা হয়।
তিনি বলেন, ‘‘অভিযান চলাকালে নাফ নদের মিয়ানমার অংশে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি নজরে আসে। একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।’’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মিয়ানমার থেকে আসা নৌকা থেকে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, রাডারভিত্তিক নজরদারি, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









