সারা দেশের সঙ্গে মিল রেখে খাগড়াছড়ির দীঘিনালাতেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন থেকেই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এ বছর উপজেলার তিনটি কলেজের ১ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী এ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। প্রবেশপথে নিয়ম অনুযায়ী তল্লাশি ও প্রয়োজনীয় যাচাই শেষে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষার হলে প্রবেশ করেন।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রের পরিবেশ এবং প্রশাসনের তৎপরতায় তারা সন্তুষ্ট। তারা আশা প্রকাশ করেন, একই পরিবেশে বাকি পরীক্ষাগুলোও সম্পন্ন হবে।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার পুরো সময়জুড়ে নিরাপত্তা, শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









