ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। নিহতের নাম আফজুন বেগম। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে আফজুন বেগমের সঙ্গে মোক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আফজুনের ছোট বোনকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এরপর থেকে মোক্তার হোসেন নিয়মিত স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মোক্তার হোসেন আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, ‘‘আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’’
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফরিদুর রহমান বলেন, ‘‘সাক্ষীদের কেউ সরাসরি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেননি। তবে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত রায় দিয়েছেন।’’
তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









