গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় রাজনৈতিক জোট।
শনিবার (৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি মজমপুর গেট হয়ে শহরের গুরুত্বপূর্ণ পাঁচ রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুষ্টিয়া শহরের ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড়কে ‘শহীদ চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়। বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবি জানান।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ দ্রুত কার্যকর করা জরুরি। একই সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে গণভোটের আয়োজন করতে হবে।
এ সময় বক্তারা দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, এবি পার্টির প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ খানসহ জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









