ফরিদপুরে সুবিধাবঞ্চিত ও শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের আইনি পরিচয় নিশ্চিতকরণ এবং জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে দ্যা ফ্রিডম ফান্ড-এর সহায়তায় এ কর্মশালার আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থা (এসএমএস)।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক নারী ও শিশুদের আইনি পরিচয় নিশ্চিতকরণে চলমান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা, মাঠপর্যায়ের বিদ্যমান ও উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করে জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অংশগ্রহণ, দায়িত্ববোধ ও সার্বিক সহযোগিতা বৃদ্ধি করা।
২০২৫ সালের ১০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, সুবিধা এবং নিবন্ধন না থাকলে শিশু ও পরিবার কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে সে বিষয়ে আলোচনা করেন। ওই আলোচনা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় অনেক মা তাঁদের সন্তানদের জন্ম নিবন্ধনে উৎসাহিত হন।
কর্মশালায় জানানো হয়, এরই অংশ হিসেবে ফরিদপুরের দুটি যৌন পল্লীতে জন্ম প্রথম পযায়ে ৪৬টি শিশুর জন্ম নিবন্ধন করা হয়। পরবর্তিতে আরও ১০ জনের জন্ম নিবন্ধন করা হয়। এছাড়া আরও আটটি শিশু জন্ম নিবন্ধন হওয়ার অপেক্ষায় রয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার জেনারেল (প্রশিক্ষণ ও মনিটরিং) সামিউল ইসলাম রাহাত এবং সহকারী রেজিস্ট্রার জেনারেল মো. আক্তার জামিল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াসুর রহমান ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া ।
বক্তারা বলেন, জন্ম নিবন্ধন শুধু একটি প্রশাসনিক সনদ নয়; এটি শিশুর আইনি পরিচয়, নাগরিক অধিকার, শিক্ষা-স্বাস্থ্যসহ ভবিষ্যৎ সরকারি সেবা গ্রহণের অন্যতম ভিত্তি। বিশেষ করে নথিপত্রের ঘাটতি, ঠিকানাগত অনিশ্চয়তা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে ঝুঁকিতে থাকা শিশুদের জন্য জন্ম নিবন্ধন নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









