বাগেরহাটের শরণখোলায় কথিত স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক লাইভে আসার পর জুই আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার কথিত স্বামী মাসুদ খান পলাতক রয়েছেন।
নিহত জুই পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাসী গ্রামের এনায়েত শরীফের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ অক্টোবর জুই ও মাসুদ স্বামী-স্ত্রী পরিচয়ে শরণখোলার ফরিদ ফরাজীর বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে বাড়ির মালিক জানিয়েছেন।
পরিবারের দাবি, মাসুদের নির্যাতনে জুই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মৃত্যুর দুই দিন আগে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসা শেষে বাসায় ফেরার পর তার ১১ বছর বয়সী মেয়েকে পরিবারের সদস্যরা নিজেদের কাছে নিয়ে যান।
জুইয়ের বড় বোন জুলি বেগম বলেন, মাসুদের নির্যাতনের কথা তারা শুনেছেন। এ ঘটনায় তারা মামলা করবেন।
অভিযুক্ত মাসুদ খানের মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, জুইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে ফেসবুক লাইভে দেওয়া তার ভিডিওটি পর্যালোচনা করা হবে। পলাতক মাসুদকে খুঁজছে পুলিশ। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









