বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, বেতাগীতে কোনো চাঁদাবাজ ও দখলবাজের জায়গা হবে না। অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া যাবে না। মাদক, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রবিবার (১৮ অক্টোবর) বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন সভায় সভাপতিত্ব করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর-রশীদকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, চাঁদাবাজির বিষয়ে কোনো সমস্যা হলে তাকে জানাতে হবে। চাঁদাবাজ, দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার করতে হবে, যাতে উন্নয়নের সুফল সাধারণ মানুষ পায়।
সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন চিফ হুইপ বেতাগী উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজ উদ্বোধন ও পরিদর্শন করেন। এ ছাড়া পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং বেতাগী পৌরসভার উদ্যোগে নির্মিত ‘পৌর পাঠাগার’ উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









