সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মানতে চালকদের সচেতন করতে ‘নিরাপদ গাড়িচালক চাই’ স্লোগানে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে বাসে সচেতনতামূলক স্টিকার সাঁটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু মামলা বা আইনি ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়। এ জন্য চালক ও পরিবহনমালিকদের সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
তিনি আরও বলেন, চালকদের সচেতন করার পাশাপাশি লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা। তাদের মতে, এ ধরনের প্রচার চালকদের সতর্কতা ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।
ক্যাম্পেইনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









